এশিয়ান বীচ গেমসে সাফল্যের স্বীকৃতি: নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর আর্থিক পুরস্কার
সদ্য সমাপ্ত এশিয়ান বীচ গেমসে ব্রোঞ্জ পদক জয়ী বাংলাদেশ নারী কাবাডি দলের সাফল্যের স্বীকৃতি দিয়েছে সরকার। এই অর্জনের জন্য দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেককে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে এক লাখ টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।
বিমানবাহিনীর ফ্যালকন হলে আয়োজিত এক অনুষ্ঠানে সফল নারী কাবাডি এবং হকি দলের খেলোয়াড়দের হাতে সর্বমোট অর্ধ কোটি টাকার আর্থিক পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান। আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন এবং কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ অনুষ্ঠানে উপস্থিত থেকে কাবাডি খেলোয়াড়দের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সহ ক্রীড়া পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

